বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার প্রকাশিত এ তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
টাইম–এর প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন ম্যাগাজিনটির সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।
মুখবন্ধে উল্লেখ করা হয়, দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তারেক রহমান বিরোধী রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং পরবর্তী সময়ে বড় ধরনের নির্বাচনী বিজয়ের মাধ্যমে নেতৃত্বের অবস্থানে আসেন।
এতে আরও বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক যাত্রা দীর্ঘ বিরতির পর নতুনভাবে শুরু হলেও দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং আঞ্চলিক কূটনৈতিক চাপকে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
টাইম–এর বিশ্লেষণে তারেক রহমানের অতীত রাজনৈতিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গও উল্লেখ করা হয়, যদিও সেগুলোর আইনি নিষ্পত্তির কথা বলা হয়েছে।
প্রভাবশালী এই তালিকায় আরও রয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পোপ লিও চতুর্দশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, শিল্পী ও প্রভাবশালী ব্যক্তিত্বরা।
আপনার মতামত লিখুন :