ঢাকার নির্বাচিত ১১টি পেট্রোল পাম্পে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে সরকার, যা জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার একটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর তত্ত্বাবধানে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে এই সেবা চালু করা হয়েছে। নির্ধারিত পাম্পগুলোতে এখন থেকে মোটরযান চালকদের ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করেই জ্বালানি নিতে হবে।
এই উদ্যোগের আওতায় যেসব পাম্পে সেবা চালু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর-১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্পাঞ্চলের সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০ এর রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।
আজ ১৮ এপ্রিল থেকে এই পাম্পগুলোতে অ্যাপ ব্যবহারের নির্দেশনা কার্যকর হয়েছে। একইসঙ্গে ব্যবহারকারী ও পাম্প পরিচালকদের জন্য কিউআর কোডভিত্তিক সিস্টেম ব্যবহারের নির্দিষ্ট দিকনির্দেশনাও জারি করা হয়েছে।
এর আগে ১৩ এপ্রিল রাজধানীর সাতটি পাম্পে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধাপে ধাপে এই ডিজিটাল পদ্ধতি দেশের অন্যান্য ফিলিং স্টেশন এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অপচয় ও অনিয়ম কমবে এবং ভোক্তাদের জন্য সেবা গ্রহণ আরও সহজ ও আধুনিক হবে।
আপনার মতামত লিখুন :