দেশের বৈদেশিক ঋণের সাম্প্রতিক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮,০৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর করা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের ঋণ পরিস্থিতি ও পরিশোধ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি পূর্বানুমান তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয় বলে জানান তিনি। এই বরাদ্দ থেকেই নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সারা বছর ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পেলেও নিয়মিত পরিশোধ কাঠামো বজায় রাখা গেলে আর্থিক স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা ও দক্ষতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :