প্রতিটি উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দের নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে এ বিষয়ে একটি সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনে যে অবস্থাই থাকুক না কেন, সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র ও সংযুক্ত বাথরুমসহ সংসদ সদস্যদের ব্যবহারের জন্য একটি নির্ধারিত কক্ষ প্রস্তুত করা হবে। তবে বিধিমালার কারণে সরাসরি ‘এমপি কক্ষ’ নামে বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় এটিকে ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে চিহ্নিত করা হবে।

এই কক্ষগুলোতে সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর সুযোগ পাবেন বলেও জানান তিনি।

এছাড়া কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় একাধিক উপজেলা থাকলে, প্রতিটি উপজেলাতেই পৃথকভাবে এ ধরনের পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।