চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি “সম্মানজনক পথ” খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে তেহরান এ দাবি তুলে ধরেছে।
শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিপক্ষ যুদ্ধক্ষেত্রে চাপে পড়ে পরিস্থিতি থেকে মর্যাদা রক্ষা করে বেরিয়ে আসার পথ খুঁজছে।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফার আলোচনা শুরুর কথা রয়েছে। আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-এর ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা সীমিত। এমনকি শনিবার আদৌ কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।
ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদল নির্ধারিত সময়েই ইসলামাবাদে পৌঁছাবে। তবে তেহরান বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর মূলত ত্রিদেশীয় আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ, এবং এটি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য নয়।
বিশ্লেষকদের মতে, আলোচনার আনুষ্ঠানিকতা, অংশগ্রহণের ধরন এবং সরাসরি সংলাপের প্রশ্নে দুই পক্ষের অবস্থানে পার্থক্য থাকলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, যা উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :