তনু হত্যা মামলার আসামি হাফিজুর রিমান্ড শেষে কারাগারে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, হাফিজুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গত ২২ এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড শেষে শনিবার তাকে পুনরায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ আসে।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় এখনো নতুন কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

এর আগে ৬ এপ্রিল আদালত মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করে সন্দেহভাজন তিনজনের ডিএনএ নমুনা পুনরায় মিলিয়ে দেখার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাস সংলগ্ন জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘ তদন্তে থানা পুলিশ, ডিবি ও সিআইডি কোনো সমাধান না দিতে পারলেও পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত ব্যুরো (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছেন পিবিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

মামলাটি দেশের আলোচিত অমীমাংসিত হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে এখনও তদন্তাধীন রয়েছে।