বৃষ্টিতে নাকাল রাজধানীর কর্মজীবী মানুষ, স্বস্তির সঙ্গে বেড়েছে দুর্ভোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সকাল থেকে টানা বৃষ্টিতে একদিকে যেমন রাজধানীবাসী গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে, অন্যদিকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। সড়কে ধীরগতির যান চলাচল, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং তীব্র যানজট নগরজীবনে ভোগান্তি বাড়িয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শুরু হওয়া প্রবল বর্ষণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ। অনেকেই ছাতা ছাড়াই বের হয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় খুঁজেছেন আশপাশের দোকান বা ভবনে। যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। ভিজে গেছে পোশাক, জুতা ও প্রয়োজনীয় সামগ্রী।

কাজীপাড়া এলাকায় বাসে উঠতে গিয়ে বহু যাত্রীকে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। স্কুলগামী শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে। আগারগাঁওয়ের যাত্রী সালেহ উদ্দিন বলেন, সকালে আকাশ এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল, যেন সন্ধ্যা নেমে এসেছে।

কারওয়ান বাজারগামী কর্মজীবী নারী সারিকা জাহান জানান, রিকশা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন। আরেক কর্মজীবী নারী বলেন, ছাতা থাকলেও বৃষ্টিতে ভেজা এড়ানো যায়নি, তবে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।

টানা বৃষ্টিতে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর সঙ্গে তীব্র যানজট অফিসগামীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হলেও ধীরগতির যান চলাচলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

রাস্তায় দীর্ঘ সময় বাস ও রিকশার জন্য অপেক্ষা করতে হওয়ায় অনেককে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নগরীর জলাবদ্ধতা ও যানজট পরিস্থিতি আরও জটিল হতে পারে। নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।