রাজধানী ঢাকার ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক সেবাগুলো দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন কাঠামো পরিবর্তন করে সারা দেশে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করাই সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে কর্মসংস্থান, উন্নত শিক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবা প্রধানত রাজধানীকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে। এই বাস্তবতা পরিবর্তনে সরকার ধাপে ধাপে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো ও সেবা সম্প্রসারণ করবে।
তিনি বলেন, “মানুষ যেন শুধু চাকরি, চিকিৎসা বা শিক্ষার জন্য ঢাকায় আসতে বাধ্য না হয়—সেই লক্ষ্যেই দেশের সব অংশে মৌলিক সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সরকারপ্রধান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ শিল্পাঞ্চল, উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীমুখী অভ্যন্তরীণ অভিবাসন কমবে এবং আঞ্চলিক অর্থনীতি আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার জনঘনত্ব ও নাগরিক চাপ কমাতে শুধু রাজধানীর অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; বরং বিকল্প অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলা অপরিহার্য। সরকারের ঘোষিত বিকেন্দ্রীকরণ পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে তা সুষম উন্নয়ন ও টেকসই নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এ নীতির মাধ্যমে ঢাকার ওপর চাপ কমানোর পাশাপাশি আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।
আপনার মতামত লিখুন :