দেশে চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সব শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশু টিকা পেয়েছে এবং অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। যেসব ৩০টি উপজেলায় প্রথমে টিকাদান কর্মসূচি শুরু করা হয়, সেখানে বর্তমানে নতুন কোনো রোগী শনাক্ত হচ্ছে না।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। ৫ মে দেশব্যাপী কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই বাস্তবায়ন শুরু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, গত কয়েক বছর শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল। জরুরি ভিত্তিতে তা পুনরায় চালু করা হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে মশক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :