রাজনৈতিক ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার, বাকি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

দেশে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলার একটি বড় অংশ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অবশিষ্ট মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের সদস্য মুহাম্মাদ আলী আছগারের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে নির্দিষ্টভাবে কতটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নির্ধারণ করা সম্ভব নয় এবং সরকারের কাছেও এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য নেই।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের হয়েছে, যেগুলোকে তারা হয়রানিমূলক হিসেবে দাবি করেছে।

মন্ত্রী আরও জানান, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলার নথিপত্র, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে সুপারিশ প্রদান করে।

এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।

আইনমন্ত্রী বলেন, যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।