শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, সিলেটে একাধিক উন্নয়ন কর্মসূচি উদ্বোধন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সিলেট সফরের অংশ হিসেবে মুষলধারে বৃষ্টির মধ্যেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রী নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।

সফরসূচি অনুযায়ী, দুপুরে সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে একটি ক্রীড়া কর্মসূচির উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।