ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থার মাধ্যমে এই নোটিশ জারি করা হচ্ছে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, যানজট নিরসন এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে সিসি ক্যামেরার মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ডিএমপি। এ ক্ষেত্রে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি আরও সতর্ক করে জানিয়েছে, সিসি ক্যামেরাভিত্তিক মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র যদি অর্থ দাবি করে, তবে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। এ ধরনের পরিস্থিতিতে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, অবৈধ পার্কিং, লেফট লেন ব্লকসহ বিভিন্ন ট্রাফিক অপরাধে ডিজিটাল মামলা কার্যক্রম শুরু হয়েছে।