ইরানের ১৪ দফা প্রস্তাবে সাড়া দিয়েছেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক স্থগিত থাকলেও মধ্যস্থতার মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে, যা নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৯ দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। এতে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ প্রত্যাহার এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে, তবে এটি গ্রহণযোগ্য হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তার এই মন্তব্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য এবং সেই উদ্দেশ্যেই প্রস্তাবটি দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের— তারা কূটনীতির পথে এগোবে নাকি সংঘাত জিইয়ে রাখবে।

অন্যদিকে, ফ্লোরিডায় এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যেকোনো সম্ভাব্য হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কঠোর অবস্থান এবং পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা রয়ে গেছে।