পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে অনিশ্চয়তা ও অভিযোগের মধ্যেও আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দলীয় নেতা-কর্মীদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা দাবি করেন, প্রাথমিক কয়েকটি রাউন্ডের ফলাফলকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার অভিযোগ, কিছু ক্ষেত্রে গণনা প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে এবং নির্দিষ্ট জায়গায় গণনা বন্ধ রাখার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, এখনো বহু রাউন্ডের গণনা বাকি রয়েছে এবং চূড়ান্ত ফলাফল ভিন্ন হতে পারে। কর্মীদের উদ্দেশে তিনি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শেষ পর্যন্ত জয় তাদের পক্ষেই আসবে।
এ সময় গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি দলীয় কার্যালয়ে হামলা ও দখলের অভিযোগও করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা শেষ পর্যন্ত লড়ব।”
আপনার মতামত লিখুন :