হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ক্ষতির মাত্রা অনুযায়ী কৃষকদের ন্যূনতম সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস এ কার্যক্রম চলবে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন সত্ত্বেও সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বলতার কারণে কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এর জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ ও রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সমস্যার সমাধানে কাজ করছে সরকার।
এছাড়া আসন্ন কোরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দেশে কোরবানির গরুর কোনো ঘাটতি নেই এবং বাজারে সংকট সৃষ্টির আশঙ্কাও নেই। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে নতুন করে গরু প্রবেশের সম্ভাবনাও নেই।
সরকারের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :