২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-কে ‘চিরস্মরণীয়’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গে “পদ্ম ফুটেছে”।
সোমবার (৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই নির্বাচনে জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।
পোস্টে পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানিয়ে মোদি বলেন, “জনগণ ভারতীয় জনতা পার্টি-কে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। এই বিজয় রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, বিজেপি সরকার রাজ্যের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে এবং এমন শাসনব্যবস্থা গড়ে তুলবে যেখানে সমাজের সব স্তরের মানুষ সমান সুযোগ ও মর্যাদা পাবে।
‘পদ্ম ফুটেছে’ মন্তব্যের মাধ্যমে তিনি দলের নির্বাচনি প্রতীক পদ্মফুলকে ইঙ্গিত করেন, যা রাজ্যে দলের সাফল্যের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত মিলেছে। ফলে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বিজেপি।
আপনার মতামত লিখুন :