পুলিশে বড় রদবদল, ১২ জেলায় নতুন এসপি; বদলি ৩৯ কর্মকর্তা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরে ব্যাপক রদবদল করেছে সরকার। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলায় নতুন এসপি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইউনিট—ডিএমপি, সিআইডি, এসবি, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশেও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন জেলা পুলিশ সুপার, উপপুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা। কয়েকজনকে পদোন্নতির পর নতুন দায়িত্বে দেওয়া হয়েছে, আবার কেউ কেউকে প্রশাসনিক প্রয়োজনেই পুনর্বিন্যাস করা হয়েছে।

এছাড়া আলাদা প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে ডিআইজি পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। সিআইডি ও ডিএমপির শীর্ষ পদগুলোতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই রদবদল করা হয়েছে এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।