চট্টগ্রামের পুলিশ সুপার হলেন মাসুদ আলম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য তিনি পুলিশের অভ্যন্তরে সুপরিচিত।

তিনি রাজধানীর রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলন ও জনসমাগম নিয়ন্ত্রণে তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রশংসিত হয়।

এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।