ভুয়া অ্যাগ্রো প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে Criminal Investigation Department।
গ্রেপ্তার ব্যক্তি মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তাকে রাজধানীর বাসাবো এলাকা থেকে আটক করা হয় বলে মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ওবায়েদুল্লাহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগে উচ্চ মুনাফার প্রলোভন দেখাত।
প্রতারক চক্রটি দাবি করত, ১ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৩ হাজার টাকা লাভ দেওয়া হবে এবং ৩৩ মাসে মূলধন দ্বিগুণ করা হবে। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা হতো, পরে বড় অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
তদন্তে জানা গেছে, এক ভুক্তভোগী ও তার পরিচিতরা প্রথমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেন। পরে বিভিন্ন প্রলোভনে পড়ে তারা মোট ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা জমা দেন। কিছু টাকা ফেরত দিলেও পরে প্রতিষ্ঠানটি বন্ধ করে প্রতারকরা আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় Bhatara থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আরও জানা যায়, একই কৌশলে অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।
সিআইডি জানায়, প্রতিষ্ঠানের চারটি ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এছাড়া গ্রেপ্তার ওবায়েদুল্লাহর ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আরও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে সিআইডি।
আপনার মতামত লিখুন :