১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি।
এসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হলেও বিপুলসংখ্যক অস্ত্র এখনো মাঠ পর্যায়ে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব অস্ত্রের লাইসেন্স নীতিমালা উপেক্ষা করে দেওয়া হয়েছে, সেগুলো বাতিলের প্রক্রিয়া চলছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ লাইসেন্সধারী অস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হবে। তবে ২০০৯ সালের আগে বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র যথাযথ প্রক্রিয়ায় মালিকদের ফেরত দেওয়া হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাঠ পর্যায়ে প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না।