যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনায় শিগগিরই একটি শান্তিচুক্তি সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
পাকিস্তানি এক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলের সংঘাত নিরসনে এক পাতার একটি সমঝোতা স্মারকের বিষয়ে দুই দেশ প্রায় একমত। সূত্রটি জানায়, “আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, দ্রুতই এটি সম্পন্ন হতে পারে।”
মার্কিন সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও একাধিক সূত্রের বরাত দেওয়া হয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলমান ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নৌ অভিযান সাময়িকভাবে স্থগিত করেন, যা আলোচনার অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রমে স্থগিতাদেশ দিতে পারে, আর যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করতে পারে।
এছাড়া, জব্দ করা ইরানি তহবিলের একটি অংশ ছাড় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ শিথিল করার বিষয়ও আলোচনায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :