দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন।
এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৫৪ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে ৬ হাজার ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৪ হাজার ২৬০ জন।
মোট মৃত্যুর মধ্যে ৫৬ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে, আর ২৬৮ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আপনার মতামত লিখুন :