দেশে এক মাসের ব্যবধানে আবারও ৯ শতাংশের ঘর ছাড়িয়েছে সার্বিক মূল্যস্ফীতি। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই পণ্যের দাম বাড়ায় এপ্রিলে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে।
বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। মার্চ মাসে যেখানে মূল্যস্ফীতি ছিল ৮.৭১ শতাংশ, সেখানে এপ্রিলে তা বেড়ে পুনরায় ৯ শতাংশের ওপরে উঠে যায়। এর আগে ফেব্রুয়ারিতে এই হার ছিল ৯.১৩ শতাংশ।
অর্থনীতিবিদদের ভাষ্য অনুযায়ী, ৯.০৪ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো—গত বছরের এপ্রিল মাসে ১০০ টাকায় যে পণ্য বা সেবা পাওয়া যেত, চলতি বছরের একই সময়ে তার জন্য খরচ করতে হচ্ছে ১০৯ টাকা ৪ পয়সা।
তথ্য অনুযায়ী, এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯.০৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯.৫৭ শতাংশ।
গ্রাম ও শহর—উভয় এলাকাতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গ্রামাঞ্চলে এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৫ শতাংশে, যা মার্চে ছিল ৮.৭২ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে এ হার ৮.৬৮ শতাংশ থেকে বেড়ে ৯.০২ শতাংশে পৌঁছেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ৮.১৭ শতাংশে নেমে এলেও পরবর্তীতে তা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে ৮.২৯ ও ৮.৪৯ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারিতে ৮.৫৮ শতাংশে ওঠার পর ফেব্রুয়ারিতে তা ৯ শতাংশ ছাড়ায়।
এদিকে মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়েছে। মার্চে যেখানে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৯ শতাংশ, এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮.১৬ শতাংশ। তবে এটি এখনও মূল্যস্ফীতির তুলনায় কম থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :