শুভেন্দু কি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? জোর জল্পনা রাজনৈতিক মহলে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর নাম ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।
দলীয় একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠনের ক্ষেত্রে তাকেই সামনে আনার সম্ভাবনা বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV–এর এক প্রতিবেদনে জানানো হয়, সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠকে বসবে। ওই বৈঠকে শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করতে পারেন।

দলীয় সূত্র আরও জানায়, বৈঠকের পর শুভেন্দু অধিকারীসহ শীর্ষ নেতারা রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ৯ মে রবীন্দ্রজয়ন্তী–র দিন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়–কে তার নিজ আসনে পরাজিত করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শুভেন্দু অধিকারী। এর আগে ২০২১ সালেও নন্দীগ্রামে তিনি মমতাকে হারিয়েছিলেন।

দলীয় বিশ্লেষকদের মতে, রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে জনপ্রিয়তা—এই দুই কারণে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীই সবচেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন নেতা, যিনি বাংলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।