দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে দুই যুগ আগের অর্থ আত্মসাতের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন-এর দায়ের করা মামলায় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার অপর দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোশাররফ হোসেন। এর মধ্যে মোশাররফ হোসেন জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। পলাতক থাকায় তোফায়েল আহমেদ ও আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।

দুদকের কৌঁসুলি ইশতিয়াক আহমেদ জানান, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আদালত।

এদিন তোফায়েল আহমেদের শারীরিক ও মানসিক অবস্থার বিষয়েও আদালতে আবেদন করা হয়। তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আবেদনে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় আদালতের কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিকভাবে অক্ষম।

আদালত এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে জানান দুদকের কৌঁসুলি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করতে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়। অভিযোগ অনুযায়ী, সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থগিতাদেশ প্রত্যাহার হলে মামলার বিচারিক কার্যক্রম আবার শুরু হয়।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকের পর থেকে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন এবং শরীরের একাংশ আংশিক পক্ষাঘাতে আক্রান্ত।