রাজধানীর কদমতলীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

রাজধানীর কদমতলী এলাকার সাদ্দাম মার্কেটসংলগ্ন একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দ্রুত আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয় এবং ইউনিটগুলো আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।