“বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না”—পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ কেউই কাঁটাতারকে ভয় পায় না এবং সরকারও এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, যেখানে প্রয়োজন, বাংলাদেশ তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে এবং জাতীয় স্বার্থে কথা বলতে পিছপা হবে না।

তিনি আরও বলেন, অতীতে সীমান্তে যেসব সহিংসতা ও হত্যার ঘটনা ঘটেছে, ভবিষ্যতে তা আর পুনরাবৃত্তি হবে না বলে আশা করা হচ্ছে। কোনো পক্ষই সীমান্তকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং এ জন্য সংলাপকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন চ্যালেঞ্জ থাকবেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সীমান্ত ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

চীন সফর প্রসঙ্গে উপদেষ্টা জানান, সফর সফল হয়েছে এবং তিস্তা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাশাপাশি চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান।