ইসরায়েলের সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

ইসরায়েলের একটি সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে অধিকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও আঞ্চলিক সূত্রগুলোর বরাতে জানা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা দূরবর্তী এলাকাতেও দৃশ্যমান ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে বিস্ফোরণের পর মাশরুম আকৃতির ধোঁয়া উড়তে দেখা গেছে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টোমের কোম্পানি দাবি করেছে, এটি কোনো দুর্ঘটনা নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা পরিচালনা করা হয়েছিল এবং সেটি সফলভাবেই সম্পন্ন হয়েছে।

টোমের কোম্পানি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষাটি ছিল “নিয়ন্ত্রিত ও পরিকল্পিত কার্যক্রমের অংশ” এবং এতে জননিরাপত্তার কোনো ঝুঁকি তৈরি হয়নি।

তবে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিস্ফোরণের মাত্রা এবং তাৎক্ষণিকভাবে সরকারি সংস্থাগুলোর নীরবতা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিস্ফোরণের পর দীর্ঘ সময় ইসরায়েলি সেনাবাহিনী বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। পরে সংশ্লিষ্ট কোম্পানির বিবৃতি প্রকাশিত হলে পরিস্থিতি কিছুটা স্পষ্ট হয়।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ইসরায়েলের সামরিক অবকাঠামো ও প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, সামরিক পরীক্ষা হলেও এমন বিস্ফোরণ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করাটা স্বাভাবিক, বিশেষ করে যখন অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল।