ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় জনভোগান্তি কমানো এবং পরিবহন সংকট এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ সময় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়বে বিবেচনায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো দিন-রাত খোলা থাকবে। এতে দূরপাল্লার যানবাহন ও ব্যক্তিগত পরিবহনের চালকেরা যেকোনো সময় জ্বালানি নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির আগে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মহলের মতে, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।