International Cricket Council ক্রিকেটের বিভিন্ন সংস্করণে নতুন কিছু নিয়ম চালুর পরিকল্পনা করছে। আগামী ৩০ মে Ahmedabad-এ অনুষ্ঠিত বোর্ড সভায় অনুমোদন মিললে দ্রুতই এসব পরিবর্তন কার্যকর হতে পারে।
প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো ওয়ানডে ম্যাচে পানিপান বিরতির সময় কোচদের সরাসরি মাঠে প্রবেশের সুযোগ। বর্তমানে নির্দিষ্ট সময় পর খেলোয়াড়রা পানিপান বিরতি পেলেও কোচরা মাঠে ঢুকতে পারেন না। নতুন নিয়ম কার্যকর হলে প্রধান কোচ খেলোয়াড়দের সঙ্গে মাঠেই কৌশলগত আলোচনা করতে পারবেন।
টি-টোয়েন্টি ক্রিকেটেও আনা হচ্ছে সময়সংক্রান্ত পরিবর্তন। এখন দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিট বিরতি থাকে। নতুন প্রস্তাবে এই বিরতি কমিয়ে ১৫ মিনিট করার কথা বলা হয়েছে। এর ফলে ম্যাচ আরও দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া অবৈধ বোলিং অ্যাকশন শনাক্ত করতে উন্নত প্রযুক্তি ব্যবহারের দিকেও গুরুত্ব দিচ্ছে আইসিসি। প্রস্তাব অনুযায়ী, মাঠের আম্পায়াররা এখন থেকে হক-আই প্রযুক্তির তথ্য ব্যবহার করতে পারবেন। এতে সন্দেহজনক বোলিং অ্যাকশন ম্যাচ চলাকালেই দ্রুত পর্যবেক্ষণ করা সহজ হবে।
টেস্ট ক্রিকেটেও নতুন চিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আবহাওয়া বা আলোর সমস্যা দেখা দিলে লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহারের সুযোগ রাখা হতে পারে। দুই দলের সম্মতিতে দিনের ম্যাচকে আংশিক দিবা-রাত্রির পরিবেশে চালিয়ে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, নতুন নিয়মগুলো কার্যকর হলে ম্যাচ পরিচালনা আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। পাশাপাশি দর্শকদের জন্য খেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে এসব পরিবর্তন।
আপনার মতামত লিখুন :