দিল্লি-র মালব্য নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ফ্লোরিশ স্টে হোটেলের বেজমেন্টে থাকা একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশের মিকাসা ইন হোটেলেও পৌঁছে যায়। সরু গলি ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাণ বাঁচাতে অনেকেই ভবন থেকে নিচে লাফ দেন। কয়েকজনকে বাঁচানোর জন্য নিচে গদি বিছানো হলেও লাফিয়ে পড়ার সময় অনেকে গুরুতর আহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে অনুমোদনের চেয়ে বেশি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। এছাড়া ভবনে মাত্র একটি প্রবেশ ও বের হওয়ার পথ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে রেখা গুপ্তা দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :