বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি সই, স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বড় বিনিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে সরকার। বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর, যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য, ঋণ হিসেবে প্রদান করবে। এছাড়া গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (জিএফএফ) থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হবে। ফলে মোট অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৪ মিলিয়ন ডলার।

এই অর্থায়নের আওতায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম প্রকল্প ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট’ বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পটির মূল লক্ষ্য স্বাস্থ্যসেবা ও পুষ্টি ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি এবং সেবা প্রদানের কার্যকারিতা উন্নত করা।

অন্যদিকে, দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা সম্প্রসারণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার দক্ষতা ও সমতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সরকার জানিয়েছে, প্রকল্প দুটি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বাড়াতে এ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।