বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন প্রণোদনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানিয়েছেন, বিদেশ থেকে বিনিয়োগ এনে দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের পরিমাণের ওপর দেড় শতাংশ (১.৫%) কনসালটেন্সি ফি বা কমিশন দেওয়া হবে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে গিয়ে একটি বড় সমস্যা সামনে এসেছে। যারা বিদেশি বিনিয়োগকারীকে দেশে আনতে সহায়তা করেন, তারা বিনিয়োগ থেকে কোনো আর্থিক সুবিধা না পাওয়ায় আগ্রহ হারিয়ে ফেলতেন। সরকার নতুন আইনি কাঠামোর মাধ্যমে সেই জটিলতার সমাধান করেছে।

তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনো বাংলাদেশি বা বিদেশি ব্যক্তি যদি দেশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসতে সক্ষম হন, তাহলে বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে তাকে ১.৫ শতাংশ কমিশন বা কনসালটেন্সি ফি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই প্রণোদনার ফলে বিদেশে অবস্থানরত দক্ষ ও প্রভাবশালী বাংলাদেশিরা আরও সক্রিয়ভাবে বিনিয়োগকারী খুঁজে আনবেন। এতে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী ও সফল বাংলাদেশিদের আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক রয়েছে। তারা যদি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন, তাহলে দেশের বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।