দীর্ঘ পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা ও সংঘাত অবসানের পথে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif। তার দাবি, দুই দেশ একটি শান্তিচুক্তির মৌলিক কাঠামোতে সম্মত হয়েছে এবং চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত রয়েছে।
শনিবার দেওয়া এক বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি চলছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
তিনি আরও জানান, চুক্তি স্বাক্ষরের পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে চুক্তি বাস্তবায়নের পদ্ধতি, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেন, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কমবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছিল। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে এবং তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে।
তবে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আশাবাদী বক্তব্য এলেও এখন পর্যন্ত চুক্তির বিস্তারিত শর্তাবলি প্রকাশ করা হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকেও সম্ভাব্য স্বাক্ষর বা চূড়ান্ত সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়া হয়নি।
বিশ্লেষকদের মতে, দুই দেশের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়া চুক্তি সম্পন্ন হয়েছে বলে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে আলোচনায় অগ্রগতির খবর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :