বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার: সংসদে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের আটকের বিষয়টি অবহিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে তিনি দুবাইয়ে পৌঁছানোর পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন।

সংসদে দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়, দুবাই পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বা বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাদের দাবি, দুবাই ইন্টারপোলের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে পাঠানো চিঠিতে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার তদন্তের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়।