দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মালয়েশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী এখন চীনের দালিয়ানে যাচ্ছেন, যেখানে তিনি দুদিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন।
দালিয়ানে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিকভাবে ‘সামার দাভোস’ নামে পরিচিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা অংশ নেন।
দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল পর্ব শুরু হবে। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায় কমপ্লেক্স’-এ প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
এর আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :