মাঠে নামলেই নতুন ইতিহাস: মেসির সামনে একাধিক বিশ্বকাপ রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

ফুটবল ইতিহাসে রেকর্ডের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। ক্লাব ও জাতীয় দলের অসংখ্য সাফল্যের পর এবার বিশ্বকাপের মঞ্চেও নতুন নতুন কীর্তি গড়ার সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

চলমান বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। সেই ম্যাচে তিন গোল করে তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

এখন অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে একটি গোল করলেই মেসি এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। দীর্ঘদিন ধরে জার্মান কিংবদন্তি ক্লোসার দখলে থাকা রেকর্ডটি তখন চলে যাবে আর্জেন্টাইন সুপারস্টারের হাতে।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ভাঙার অপেক্ষায় রয়েছেন মেসি। বর্তমানে ক্লোসার সঙ্গে যৌথভাবে ১৭টি বিশ্বকাপ ম্যাচ জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে ১৮তম জয় নিয়ে এই তালিকায় একক শীর্ষে উঠে যাবেন মেসি।

এছাড়া বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে তার দূরপাল্লার গোলটি ছিল বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা পঞ্চম গোল। এতে তিনি ব্রাজিল কিংবদন্তি রিভেলিনোর সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। পরবর্তী ম্যাচে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলে এই রেকর্ডও এককভাবে নিজের করে নেবেন।

মেসির বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা আগের গোলগুলো এসেছে ২০১৪ সালের বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে।

আরেকটি উল্লেখযোগ্য অর্জন হলো বিশ্বকাপে সবচেয়ে বেশি আসরে অংশগ্রহণের রেকর্ড। ছয়টি বিশ্বকাপে খেলে তিনি ইতোমধ্যেই পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ অংশগ্রহণকারীর তালিকায় রয়েছেন।