দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল, বাদীপক্ষের আবেদনে আদেশ প্রত্যাহার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুর প্রায় তিন দশক পর তার মৃত্যু রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পূর্বের আদেশ প্রত্যাহার করেন।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

মামলার বাদী ও সালমান শাহ’র মামা মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে আবেদন করে দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের দাবি জানান। আবেদনের শুনানি শেষে আদালত দেহাবশেষ উত্তোলনের অনুমতি প্রত্যাহার করে।

এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন, যাতে সালমান শাহ’র দেহাবশেষ উত্তোলনের অনুমতি চাওয়া হয়। তিনি আবেদনে উল্লেখ করেন, প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

তবে পরবর্তীতে বাদীপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়ে পুনর্বিবেচনার আবেদন করলে আদালত নতুন করে বিষয়টি পর্যালোচনা করে পূর্বের অনুমতি বাতিল করেন।

এই সিদ্ধান্তের ফলে আপাতত সালমান শাহ’র মরদেহ উত্তোলনের কার্যক্রম বন্ধ থাকছে। একই সঙ্গে আলোচিত এই মৃত্যুরহস্য তদন্তে নতুন করে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।