বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

গ্রুপ ‘জে’-র শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠতে যাচ্ছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। বর্তমানে ওই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ ২ পয়েন্ট করে, আর সৌদি আরবের আছে ১ পয়েন্ট। আপাতত রানার্সআপ অবস্থানে রয়েছে উরুগুয়ে, তবে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে চূড়ান্ত অবস্থান।

উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন। উরুগুয়ে ও কেপ ভার্দে উভয় দল জিতলে গোল ব্যবধান, গোলসংখ্যা ও ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ নির্ধারিত হবে। আবার কেপ ভার্দে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে কেপ ভার্দেও মেসিদের প্রতিপক্ষ হতে পারে। অন্যদিকে উরুগুয়ে জিততে না পারলে এবং সৌদি আরব জয় পেলে আর্জেন্টিনার সামনে আসতে পারে সৌদি আরব।

রাউন্ড অব ৩২ পেরোতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান কিংবা বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে আরও কঠিন পরীক্ষা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, সুইজারল্যান্ড অথবা কানাডা।

ড্র অনুযায়ী সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে ব্রাজিল বা ইংল্যান্ড। ফলে বিশ্বকাপের শেষ চারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের মহারণও দেখা যেতে পারে।

তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর হলো, ড্রয়ের কারণে ফাইনালের আগে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা স্পেনের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে না মেসিদের। এসব দলের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ১৯ জুলাইয়ের ফাইনালে।