৩৯ সেকেন্ডে দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে এলাকার কাছে প্রথম কম্পন অনুভূত হয়, এরপর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। লস পালোস গ্রান্দেস, আলতামিরা ও লা গুয়াইরাসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে USGS-এর প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হয়েছে।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। আফটারশকের আশঙ্কায় বহু মানুষ খোলা স্থানে অবস্থান করছেন।

বিশেষজ্ঞদের মতে, এটি ১৯৬৭ সালের কারাকাস ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এবং সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।