চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের শেষ দিনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দুই নেতার মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা, কর্মসংস্থান এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বহুমাত্রিক হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চীনের একটি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
আপনার মতামত লিখুন :