নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, বিশ্বচ্যাম্পিয়নদের সামনে অভিষেকের বিস্ময়


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।
শেষ পর্যন্ত প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়া কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

শনিবার ভোরে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচগুলোর পর নকআউটের সমীকরণ পরিষ্কার হয়। স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কেপ ভার্দে ও সৌদি আরব গোলশূন্য ড্র করলেও তিন ম্যাচে তিনটি ড্র নিয়ে রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে ওঠার বিরল কীর্তি গড়েছে কেপ ভার্দে। গ্রুপপর্বে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব—তিন দলের বিপক্ষেই ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট আদায় করে তারা টুর্নামেন্টের অন্যতম ‘বিস্ময়’ দলে পরিণত হয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে শীর্ষস্থান নিশ্চিত করেছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নকআউট পর্বে নামতে যাওয়া স্কালোনির দল এখন নতুন চ্যালেঞ্জ হিসেবে পাচ্ছে আত্মবিশ্বাসে ভরপুর কেপ ভার্দেকে।

দুই দলের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।