দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৯৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন মোট ৯৮ হাজার ২৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন।
আপনার মতামত লিখুন :