আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে পাকিস্তান-ভারতও


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কালাফগান এলাকা থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ থাকেনি; প্রতিবেশী পাকিস্তান ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলসহ চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।

সম্প্রতি বিশ্বজুড়ে একাধিক শক্তিশালী ভূমিকম্পের ঘটনার ধারাবাহিকতায় এই ভূমিকম্প নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর কয়েকদিন আগেই ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন।