তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনার বক্তব্য দেশের কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা ঠিক নয়। তিনি গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম, তিস্তা মহাপরিকল্পনা, চীন সফর, সম্ভাব্য আঞ্চলিক করিডর, বজ্রপাত প্রতিরোধ এবং দুর্নীতির অভিযোগ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করা যাবে না। তবে সম্প্রতি একটি বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত তার সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের নিষেধাজ্ঞা মেনে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকা উচিত।
আওয়ামী লীগের কার্যক্রম
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
তথ্য কমিশন ও গণমাধ্যম কমিশন
ডা. জাহেদ জানান, খুব শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। পাশাপাশি গণমাধ্যম কমিশনও নতুন করে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে গঠন করা হবে।
চীন সফর ও তিস্তা মহাপরিকল্পনা
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই হবে। এ বিষয়ে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। চীনের দক্ষতা কাজে লাগানো হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর
তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য থাকলে চীন-মিয়ানমার-বাংলাদেশ সংযোগ বা করিডর বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে। অতীতেও এ ধরনের আঞ্চলিক সংযোগের পরিকল্পনা ছিল, যদিও তা বাস্তবায়িত হয়নি।
বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ
বজ্রপাতের ঝুঁকি কমাতে দেশের বজ্রপাতপ্রবণ ১৫টি এলাকায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন এবং নিরাপদ ছাউনি নির্মাণের প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
পুশইন ইস্যু
ভারত থেকে ১১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ধন্যবাদ জানায় সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
দুর্নীতির অভিযোগ
টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এসব প্রতিবেদন টিআইবির নিয়মিত কাজের অংশ। তবে অভিযোগগুলো শুধু সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনিক দুর্নীতির বিষয়ও সেখানে উঠে এসেছে।
তিনি বলেন, সরকার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুর্নীতির বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :