দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে।
বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে তার বর্তমান দায়িত্ব থেকে বদলি করে প্রেষণের মাধ্যমে দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

নতুন দায়িত্বে মোহাম্মদ মনিরুল ইসলাম দুদকের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দুর্নীতিবিরোধী তদন্ত কার্যক্রমের তদারকি এবং কমিশনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।