সৌদি প্রতিনিধিদের সামনে সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

তেহরানে আয়োজিত এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেওয়া সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এরপর থেকেই আয়াতটির নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। সৌদি প্রতিনিধি দলের জন্য নির্বাচিত হয় সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ রয়েছে।

আয়াতটিতে দুই পক্ষের মুখোমুখি হওয়ার ঘটনা থেকে শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল ছিল অবিশ্বাসী। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা তাঁর সাহায্যে শক্তিশালী করেন এবং এতে চিন্তাশীলদের জন্য শিক্ষা রয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এর মাধ্যমে নিজেদের আল্লাহর পথে থাকা পক্ষ হিসেবে উপস্থাপন এবং প্রতিপক্ষকে বিপরীত অবস্থানে দেখানোর ইঙ্গিত থাকতে পারে।

তবে এই ব্যাখ্যা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিশ্লেষণ; এ বিষয়ে ইরানের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা দেয়নি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে কূটনৈতিক সংকেত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, ইরানের আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়া এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল