সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে একটি প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পর বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। এ-সংক্রান্ত একটি চিঠি গত ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সুদমুক্ত ঋণের মাধ্যমে ব্যক্তিগত গাড়ি কেনা এবং গাড়িসেবা নগদায়ন সুবিধাভোগী কর্মকর্তাদের মোটরযান রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ৫০ হাজার টাকা দেওয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে।
বর্তমান নীতিমালা অনুযায়ী, উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ গ্রহণের সুযোগ পান। এর পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতাও পেয়ে থাকেন।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রশাসনের প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা এই সুবিধার আওতায় রয়েছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাদের মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নেমে আসবে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যয়সংকোচন এবং সরকারি অর্থের আরও দক্ষ ব্যবহারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :