শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পরে শিক্ষার্থীদের একটি অংশ রাজধানীর আড়ং–সংলগ্ন এলাকায় অবস্থান নিলে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দিনের কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে যান শিক্ষার্থীরা। সেখানে অবস্থানকালে তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের দিকে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পরে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষার্থীদের একটি অংশ আড়ং–সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পুলিশ জানায়, ওই সময় কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, সংসদ অধিবেশন চলাকালে সংসদ ভবন এলাকায় কোনো ধরনের মিছিল বা সমাবেশের অনুমতি নেই। তিনি দাবি করেন, পুলিশ শুরুতে সংযম দেখালেও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যবস্থা নিতে হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, প্রশ্নপত্রের মান নিয়ে অভিযোগের সুরাহা এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ।
বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন। এর পরপরই তারা সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :