শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ইঙ্গিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এইচএসসির পদার্থবিজ্ঞান (প্রথম পত্র), হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হতে পারে।

মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নেরও জবাব দেন তিনি।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন এবং অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি—এমন অভিযোগ সরকার পেয়েছে। বিষয়টি পর্যালোচনার পর পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, যেহেতু বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং সেগুলো পুনরায় নিতে হবে, তাই সেই সময়ের সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও আবার নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে বলে সরকার ভাবছে।

এছাড়া শিক্ষার্থীদের নিয়ে নিজের আগের মন্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,

“আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সিম্পলি দুঃখ প্রকাশ করছি।”

এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভে তার পদত্যাগ, বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা এবং প্রশ্নপত্রের মান নিয়ে বিভিন্ন দাবি উত্থাপিত হয়। সংসদে দেওয়া বক্তব্যে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সম্ভাবনার কথা জানান।